ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। তবে একদিনের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা। আসন্ন সিরিজে খেলা হচ্ছে না পেসার জোফরা আর্চারের।
ইংলিশ এই পেসার খেলতে পারবেন না ডান হাতের বুড়ো আঙুলে চোটের কারণে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের পেসার লুক উড।
গত ৪ মে আইপিএল ২০২৫-এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে গিয়ে এই চোট পান আর্চার। সে সময় আঙুলে আঘাত পান তিনি। এরপর থেকেই পুনরায় মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
আর্চার ছিলেন তিন ইংলিশ ক্রিকেটারের একজন যারা আইপিএলের বিরতির পর ভারতে ফেরেননি। বাকি দুজন হলেন স্যাম কারান এবং জেমি ওভারটন। বিরতির আগে আর্চার রাজস্থানের হয়ে ১২টি ম্যাচ খেলেছিলেন, নিয়েছিলেন ১১ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আর্চারকে স্কোয়াডে রাখলেও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে। যদিও ভারতের মাটিতে ইংল্যান্ডের শেষ টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেছিলেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আর্চারের বর্তমান চোটের অবস্থা দুই সপ্তাহের মধ্যে পুনরায় মূল্যায়ন করবে মেডিকেল টিম। তারপরই জানা যাবে, আবার কবে মাঠে ফিরতে পারবেন তিনি।
আর্চারের বদলে দলে নেওয়া লুক উড ২০২২ সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক করেন। এরপর এখন পর্যন্ত তিনি খেলেছেন দুইটি ওয়ানডে, যার সর্বশেষটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, আয়ারল্যান্ডের বিপক্ষে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ মে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন এবং ৩ জুন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজ নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও আর্চারের না থাকা নিঃসন্দেহে দুশ্চিন্তার বিষয় ইংল্যান্ডের জন্য।