রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (৪০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ইউসুফ ভুইয়া (৪৫) আহত হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সোয়া চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা ব্যবসায়ী বিশাল জানান, জাহিদ ও ইউসুফ উভয়েই সদরঘাট এলাকায় জাহাজের মালামাল বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত।  তারা লোহার মালপত্র কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রূপগঞ্জের তারাবো এলাকায় যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুইজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তারা দু’জনকেই উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।

জানা গেছে, নিহত জাহিদ হোসেন বর্তমানে ঢাকার সূত্রাপুর বাজার এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি নবাবগঞ্জ থানার মুন্সিনগর গ্রামে।  তিনি ওই এলাকার মো. হোসেনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রূপগঞ্জ থানাকে জানানো হয়েছে।