যশোর কেন্দ্রীয় কারাগারে চক্ষু ও অস্থি চিকিৎসা সেবা পেলেন দুই শতাধিক বন্দি
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের চোখ ও অস্থিসন্ধি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ব্যতিক্রমি চিকিৎসা শিবিরের মাধ্যমে এই সেবা প্রদান করা হল।
বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের উদ্যোগে এবং আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল যশোর, আন্তর্জাতিক সংস্থা সাইটসেভারস ও পঙ্গু হাসপাতালের সহযোগিতায় এই শিবিরে কারাবন্দিদের বিনামূল্যে চোখ ও হাড়ের চিকিৎসা দেওয়া হয় ।
চক্ষু চিকিৎসা সেবায় ২১৩ জন বন্দির চোখের স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও, ১৮ জন বন্দির চোখে ছানি (ক্যাটারাক্ট) শনাক্ত হয়, যাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চোখের পাশাপাশি, বন্দিদের অস্থিসংক্রান্ত চিকিৎসা প্রদানেও ছিল বিশেষ ব্যবস্থা। পঙ্গু হাসপাতাল যশোরের দুজন প্রতিনিধি, সাইটসেভারস-এর প্রতিনিধি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মিনহাজুর রহমান এবং চক্ষু প্রকল্পের মোঃ রবিউল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল টিম বন্দিদের চক্ষু ও অস্থিসংক্রান্ত বিভিন্ন জটিলতায় চিকিৎসা সেবা প্রদান করেন।
সেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নূরশেদ আহমেদ ভূঁইয়া এবং দায়িত্বপ্রাপ্ত জেলার মোঃ শরিফুল আলম ও কারা চিকিৎসক ডা. মো: মাহবুবুর রহমান।
তাঁরা আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল এবং অন্যান্য সহায়তাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা মনে করেন, এই চক্ষু ও অস্থি চিকিৎসা শিবিরটি শুধু একটি চিকিৎসা কর্মসূচি নয়—এটি এক শক্তিশালী বার্তা। এটি প্রমাণ করে, যতটুকু ভুল করেই মানুষ বন্দী হোক না কেন, তারা মানবিক মর্যাদা পাওয়ার অধিকার রাখে। এ শিবির সমাজের প্রান্তিক ও বন্দি মানুষের প্রতিও সম্মান ও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে—একটি সত্যিকারের অন্তরের সেবা দিয়ে।