ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ আগুন
ফাইল ছবি।
কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জুতা তৈরির ম্যাটেরিয়াল বিক্রির ১২টি দোকান।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে হাজী লাল মিয়া মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভৈরব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আজিজুল হক রাজন বলেন, ‘রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের তিনটি ইউনিট দ্রুত কাজ শুরু করে এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।’
তিনি আরও বলেন, ‘মোট ১২টি দোকান পুড়ে গেছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে দোকানের মালামাল, বিক্রির নগদ টাকা, জুতা তৈরির সোল, রাবার, বোর্ড ও অন্যান্য সামগ্রী সবই পুড়ে গেছে। বাজারের দোকানগুলো ছিল টিনশেড ঘরে এবং অধিকাংশ দোকানে দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।