প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ কিছুটা প্রশমিত হলেও এখনো এর রেশ পুরোপুরি কাটেনি। এরই মধ্যে পাকিস্তান সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে।
সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তিসহ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আজ শনিবার (২৪ মে) এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো, আগামী ২ জুন বাজেট পেশ করা হবে। যদিও গতকাল জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ১০ জুন পেশ করা হবে। এর কারণ হিসেবে মন্ত্রী বলেছেন, এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নয়।
আহসান ইকবাল জানান, সরকার জনগণের ওপর চাপ কমাতে চায়। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানো হবে। মন্ত্রী বলেন, ‘জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা দেওয়া, যাতে তারা দেশের সুরক্ষায় নিজেদের সক্ষমতা বাড়াতে পারে।’
তিনি ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে আমাদের একজন বিপজ্জনক প্রতিবেশী (ভারত) আছে, যারা রাতের আঁধারে আমাদের আক্রমণ করেছিল। কিন্তু আমরা তাদের যোগ্য জবাব দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘যদি তারা আবার আক্রমণ করে জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।’
উল্লেখ্য, সম্প্রতি এক এক্স পোস্টে দেশটির কারাবন্দি জনপ্রিয় নেতা ইমরান খান বলেছেন, ‘দেশ এখন জঙ্গলের আইনে শাসিত হচ্ছে। জঙ্গলে রাজাই মানায়, ফিল্ড মার্শাল নয়।’ কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার (২২ মে) আদিয়ালা কারাগারে আইনজীবী, সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বিষয়টি নজরে আসে।
ইমরান খান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে কটাক্ষ করে লেখেন, ‘মাশা আল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। সত্যি বলতে, তার জন্য রাজা উপাধি বেশি মানানসই হতো। কারণ, এখন দেশ জঙ্গলের আইন দ্বারা শাসিত হচ্ছে। আর সেই জঙ্গলে একটাই রাজা থাকে।’