টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিটেটারদের মধ্যে সর্বোচ্চ ডাক মেরেছেন সাকিব
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশের ক্রিকেটের উজ্জল এক নক্ষত্র সাকিব আল হাসান। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, রান, উইকেট ও অলরাউন্ড কীর্তির মালিক তিনি। তবে এবার এমন এক রেকর্ড গড়েছেন সাকিব, যা কোনো ব্যাটারের জন্যই কাঙ্খিত নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি এখন তার দখলেই।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে পরপর দুই ম্যাচে কোনো রান না করে আউট হয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাতেই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার কীর্তি গড়েছেন। টি-টোয়েন্টিতে মোট ৩২বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। আগের রেকর্ডটি ছিল সৌম্য সরকারের, তিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন।
দীর্ঘ দিন পর ক্রিকেটে ফেরার ম্যাচে গত রোববার (১৮ মে) প্রথম বলেই আউট হয়েছিলেন সাকিব। এরপর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও কোনো রান না করেই ফেরেন তিনি।
এই তালিকায় সাকিবের পর আছেন সৌম্য সরকার, তার পরের স্থানে আছেন ইমরুল কায়েস; তিনি শূন্য রানে আউট হয়েছেন ২২ বার। তার পরের স্থানে থাকা তামিম ইকবাল এই কীর্তি গড়েছেন ২০ বার। এছাড়া মুশফিকুর রহিম শূন্য রানে আউট হয়েছেন মোট ১৯ বার।
তবে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সৌম্য সরকার সব মিলিয়ে খেলেছেন ২৩২ ইনিংস।
বিশ্ব ক্রিকেটে অবশ্য এই রেকর্ডের শীর্ষে রয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারিন, তিনি শূন্য রানে আউট হয়েছেন মোট ৪৮বার। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), রাইলি রুশো (৩৫), গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় এবং পল স্টার্লিং (৩৩ বার করে)।