টি-শার্ট নয়, ট্যাংক বানাতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

টি-শার্ট নয়, ট্যাংক বানাতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভেতর জুতা ও টি-শার্টের মতো পণ্য উৎপাদন করতে নয় বরং তার শুল্কনীতির লক্ষ্য দেশে ট্যাংক ও প্রযুক্তিপণ্য উৎপাদনকে উৎসাহিত করা। তবে ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর ঘোষিত ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় সময় রোববার নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গত ২৯ এপ্রিল করা মন্তব্যের সঙ্গে একমত তিনি। সেদিন বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ টেক্সটাইল শিল্প অপরিহার্য নয়। এই মন্তব্যের পর ন্যাশনাল কাউন্সিল অব টেক্সটাইল অর্গানাইজেশনসের তীব্র সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী।

ট্রাম্প বলেন, ‘আমরা স্নিকার্স ও টি-শার্ট তৈরির কথা ভাবছি না। আমরা অন্য জায়গায় সেগুলো খুব ভালোভাবে করতে পারি। আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো আমরা চিপ, কম্পিউটার আরো অনেক কিছু—যেমন ট্যাংক ও জাহাজ তৈরি করতে চাই।’

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএপিএ) জানিয়েছে, শুল্ক এই শিল্পের জন্য ভালো নয়। প্রতিষ্ঠানের সভাপতি স্টিভ লামার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা যে ৯৭ শতাংশ পোশাক ও জুতা পরিধান করি তা আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি শুল্কযুক্ত শিল্প এই খাত। তাই আমাদের এমন বাস্তব সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত যা সূচকে নাড়া দিতে পারে। ’

ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে বিশ্ব বাজারকে বিপর্যস্ত করেছেন ট্রাম্প। ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপে হুমকি দিয়েছেন তিনি। সেইসঙ্গে অ্যাপলকেও সতর্ক করে জানিয়েছেন, মার্কিন গ্রাহকদের দ্বারা কেনা সমস্ত আমদানি করা আইফোনের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। তবে আলোচনার সুবিধায় পরে শুল্কের সময়সীমা ৯ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ফোনালাপের পর এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।