রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, বাড়তি সতর্কতা প্যারিসে
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে সামনে রেখে প্যারিসের নগর প্রশাসন আগাম ব্যবস্থা নিতে শুরু করেছে। পিএসজি ও ইন্টার মিলানের মধ্যকার ম্যাচটি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হবে। ম্যাচটি জার্মানিতে হলেও প্যারিসে পাঁচ হাজার ৪০০ পুলিশ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যারিসের পুলিশ প্রধান লরাঁ নুনেস।
লা পারিসিয়ানদের সামনে এবার ইতাহাসে নাম লেখার সুযোগ রয়েছে। প্রথমবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের পাশাপাশি ট্রেবল জয়ের সুযোগ রয়েছে তাদের সামনে। তবে পিএসজিকে সুযোগ দিতে নারাজ ইন্টার মিলান। ট্রফি উৎসব করে মৌসুমের ইতি টানতে চায় নেরাজ্জুরি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ।
ফাইনালে পিএসজি জিতলে ফ্রান্সের মানুষ নিশ্চিতভাবেই উল্লাসে ফেটে পড়বে। আর সেজন্যই বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার পুলিশ প্রধান।
সম্প্রতি প্যারিসের মানুষ অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে। চলতি মাসের শুরুতে আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পর অতি উচ্ছ্বাসে ক্লাবটির সমর্থকরা রাস্তায় নেমে আসে। বিভিন্ন আপত্তিকর ঘটনায় জড়িত থাকার দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া গাড়ির ধাক্কায় তিনজন আহত হয়েছিলেন।
পিএসজি ফুটবলার উসমান দেম্বেলে বলেন, সবাই জানে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা কতটা গুরুত্বপূর্ণ। অন্য সবার মতো ব্যক্তিগত অর্জনের ভাবনা মাথায় আসলেও আপাতত আমার সব মনযোগ এখন এই ফাইনালকে ঘিরে।
ইন্টার মিলানের ফুটবলার লাউতারো মার্টিনেজ বলেন, অবশ্যই একটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের অপূর্ণতা। যা এবার পেতে চাই। দীর্ঘদিনের খরা কাটিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের স্বারক ইন্টারে ফেরাতে চাই।
ফাইনালের আগে আলিয়াঞ্জ অ্যারেনা মাতাবেন বিখ্যাত রক ব্যান্ড লিনকিন পার্ক। দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। প্রথমবার এই শিরোপার স্বাদ পেতে হলে ইন্টার মিলানের বাঁধা টপকাতে হবে তাদের। তিনবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের।