আড্ডায় তর্ক, বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আড্ডায় তর্ক, বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ছবি : প্রতীকি

ঝিনাইদহ শহরে জীবন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদহ মোল্লাপাড়ার রজব আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার নাজিম পট্টিতে জনৈক আজগর আলীর বাড়ির সামনে ৪-৫ জন বন্ধু বসে ছুরি দিয়ে আম কেটে খাচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। 

এক পর্যায়ে বন্ধুদের মধ্য থেকে কয়েকজন জীবনের বুকের দুপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে কারা আছে এবং কেন তাকে এভাবে হত্যা করা হলো তা তদন্ত শেষে জানা যাবে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।