জামায়াতের নিবন্ধন নিয়ে রায়ে শিশির মনিরের প্রতিক্রিয়া
ফাইল ছবি
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী। দীর্ঘ এক যুগ ধরে আইনি লড়াইয়ের পর রোববার (১ জুন) সকালে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ ছাড়া নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন।
রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ বলে ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধনসহ অন্যান্য বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছেন।
রোববার সুপ্রিম কোর্টের রায়ের পর গণমাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি আজকের সংক্ষিপ্ত রায়ে বোঝা না গেলেও আদালত নির্বাচন কমিশনকে অন্যান্য বিষয়গুলো সমাধান করার যে নির্দেশনা দিয়েছেন এর মাধ্যমে প্রতীকের বিষয়টি বোঝানো হয়েছে। তবে আগামীকাল (২ জুন) রায়ের সংক্ষিপ্ত কপিটি পেলে এটি আরও পরিষ্কার হবে।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যরিস্টার মীর আহমেদ বিন কাশেম।
এর আগে, ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।