চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ প্রকাশ

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ প্রকাশ

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিয়েছে প্যারিসের ক্লাবটি। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ফাইনালের ইতিহাসে এর আগে কোনো দল ৫ গোলের ব্যবধানে শিরোপা জেতেনি। ফাইনালের পরের দিনই আসরের সেরা একাদশ প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আসরের সেরা একাদশে একক আধিপত্য পিএসজির। সেরা একাদশে জায়গা পেয়েছেন তাদের ৭ ফুটবলার। বার্সেলোনার দুইজন এবং ইন্টার মিলান ও আর্সেনাল থেকে একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। 

পিএসজির ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে সবার নজর কেড়েছেন। আসরে ১৫ ম্যাচ খেলে আট গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। এমন পারফরমেন্সের ফলে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। সেই সাথে আছেন সেরা একাদশেও।  

উয়েফার গঠন করা দলে বার্সেলোনার দুইজন খেলোয়াড় আছেন। চ্যাম্পিয়ন্স লিগের একাদশে জায়গা পেয়েছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। ইন্টার মিলান থেকে জায়গা পেয়েছেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। আর্সেনাল থেকে একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার ডেকলান রাইস। পিএসজি থেকে সেরা একাদশে আছেন গোলকিপার জানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, মারকুইনহোস, নুনো মেন্দেস, ভিতিনিয়া এবং ডিজায়ের দুয়ে।

২.১৯ বিলিয়ন থেকে বেড়ে  চ্যাম্পিয়নস লিগের প্রাইজমানি দাঁড়ায় ২.৭১ বিলিয়ন ডলারে। ফলে ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ডগড়া পিএসজি টাকার অঙ্কেও ইতিহাস গড়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩৯ কোটি ৫১ লাখ টাকা। এ ছাড়াও বিভিন্ন পর্বে ম্যাচপ্রতি জয়ের হিসাব রয়েছে।

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ

গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), মারকুইনহোস (পিএসজি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), নুনো মেন্দেস (পিএসজি)

মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল)

ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা), ডিজায়ের দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা)।