ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় আদ্-দ্বীনের উদ্যোগে গাছের চারা বিতরণ

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় আদ্-দ্বীনের উদ্যোগে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে খুলনার দাকোপ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১ জুন) দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বাছাইকৃত ৩০০ জন উপকারভোগীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রীণ ক্লাইমেট ফান্ড এর আর এইচ এল প্রকল্পের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের প্রকল্প সমন্বয়কারী (আরএইচএল প্রজেক্ট) মো. আব্দুল আজিজ, কমিউনিটি মবিলাইজেশন অফিসার (ফরেস্ট্রি) গাজী সাইফুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চারা বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট এন্ড মনিটরিং) আল আমিন, সিএমও (লাইভস্টোক) মাজেদুল ইসলাম এবং সিএমও (এগ্রিকালচার) মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা উপকূলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় বসতবাড়ীতে ফলজ ও বনজ গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত উপকারভোগীরা বিনামূল্যে গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এগুলো যত্নসহকারে পরিচর্যা করে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন।

বিভিন্ন সিসিএজি দলের ৩০০ উপকারভোগীর মাঝে আম, আমড়া, সফেদা, কদবেল, লেবুসহ বিভিন্ন প্রজাতির তিন হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপকারভোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যও বাস্তবায়িত হবে।