ফেরি থেকে নদীতে পড়ল অটোরিকশা, শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার

ফেরি থেকে নদীতে পড়ল অটোরিকশা, শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মেঘনা নদীতে অটোরিকশাসহ পড়ে গিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা বেগম (২২)। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদী থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অটোরিকশার ভেতরেই দুই নারীর মরদেহ পাওয়া যায়। ঘটনাটি ঘটে শনিবার ভোর পাঁচটার দিকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় ফেরিতে সিএনজিচালিত অটোরিকশাটি ওঠানো হলে সামান্য ঝাঁকুনিতে সেটি কাত হয়ে নদীতে পড়ে যায়। ভেতরে থাকা তিন যাত্রীর মধ্যে খালেদা বেগম ও ফারজানা বেগম ডুবে যান। দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয় খালেদার ছেলে কামাল হোসেনকে (১৯)।

এ সময় অটোরিকশার চালক কুদ্দুছ এবং ফারজানার স্বামী সাগর মিয়া রিকশার বাইরে ছিলেন। তারা অভিযোগ করেন, ফেরিটির পেছনে কোনো রেলিং বা সুরক্ষার ব্যবস্থা ছিল না।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়েছি। ফেরিতে নিরাপত্তার ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।