ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৬
ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকূপায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হোসেন হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন-হরিনাকুন্ডু উপজেলা পুরাহাটি গ্রামের আহাতাব মন্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২৪) ও একই গ্রামের রিংকু (১৮), জাহিদুল ইসলামের ছেলে সাগর (১৫) ও শুকুর আলীর ছেলে গিয়াসউদ্দিন।
স্থানীয় রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে তিনজন ও অপর মোটর সাইকেলে চারজন আরোহী ছিলেন। শৈলকূপা উপজেলার যাদবপুর গ্রামে মোটরসাইকেল দু’টির মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তামিম হোসেন মারা যান।
এসআই আমিরুল ইসলাম বলেন, গুরুতর আহতদের ঝিনাইদহ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বাসস