দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বহিষ্কার

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ জুন) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কোহিনুর আহমেদ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নিজের মতো করে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভ্যন্তরীণ গ্রুপিং, সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত করে কেন্দ্রীয় কমিটি বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে কোহিনুর আহমেদের ঘনিষ্ঠ একটি পক্ষ বলছে, এটি একপাক্ষিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত।

বহিষ্কারের বিষয়ে জানতে কোহিনুর আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।