রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২

সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার রূপপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি আসলাম আলী।

গ্রেফতাররা হলেন উপজেলার দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে সারদুল আকন্দ রত্ন (১৯) ও রূপপুর নতুনপাড়ার হায়দার আলীর ছেলে আব্দুস সালাম (৪৩)।

ওসি আসলাম আলী বলেন, গ্রেফতাররা কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার আসামি। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৮ জুন শাহনেওয়াজ নামে একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার প্রতিবাদে ১০ জুন উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এরপর কাছারীবাড়ির পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং স্টাফদের মারধর করেন। এরপর বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।