ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানালো জামায়াত

ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানালো জামায়াত

ফাইলি ছবি

ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

শোকবার্তায় তিনি বলেন, শুক্রবার (১৩ জুন) ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী তেহরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়, যার মধ্যে পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিও রয়েছে, ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ এবং পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আব্দুল হামিদ মিনুচেহরসহ আরও কয়েকজন বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তা শহিদ হয়েছেন।

তিনি বলেন, আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাদেরকে শহিদ হিসেবে কবুল করুন, জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এই শোক সহ্য করার তাওফিক দিন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি, ইরানের সরকার ও জনগণ এই ভয়াবহ ক্ষয়ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং নিজেদের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় আরও ঐক্যবদ্ধ হবেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ভোর রাতে ইরানের রাজধানী তেহেরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। বাদ যায়নি আবাসিক ভবনও। এ হামলায় নিহত হন আইআরজিসি প্রধান সালামিসহ ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।