ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান ম্যাক্রোঁর

ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান ম্যাক্রোঁর

সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ইরানকে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

এক্স -এ প্রকাশিত এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয় এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

এক্সে দেওয়া পোস্টে ফরাসি প্রেসিডেন্ট দাবি করছেন, তিনি ইরানের প্রেসিডেন্টকে দুই ফরাসি বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে ফ্রান্সের কোনো স্থাপনা বা নাগরিকের ওপর যাতে হামলা না হয়, সেদিকে ইরানকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এমন সময়ে আলোচনার দাবি জানিয়েছেন যখন ইরান থেকে পরমানু ইস্যুতে কথা বলা বাদ দিতে চাচ্ছে। শনিবার পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান।  দেশটির আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দিয়ে বলছে, ‘অন্য পক্ষ (মার্কিন যুক্তরাষ্ট্র) এমনভাবে কাজ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একইসঙ্গে ইহুদিবাদী সরকারকে (ইসরাইল) ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী পারমাণবিক আলোচনা ওমানের মধ্যস্থতায় চলছিল। তবে ইসরাইল ইরানের হামলা চালানোর পর এই আলোচনা বাতিল হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে।’