ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না: এ্যানি
ছবি : সংগৃহীত
লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক নিয়ে ‘গাত্রদাহ’ হওয়া উচিত নয় জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও সুন্দরভাবে হয়েছে, সেটা আমরা দেখেছি।
রোববার (১৫ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জামায়াতের শফিক সাহেব যখন বলেন- একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে। এটা কি প্রকাশ পায়? কারণ জামায়াতের নেতাদের সঙ্গে কয়েকবার বসেছেন, আলোচনা করেছেন। এককভাবেও করেছেন সব রাজনৈতিক দল নিয়ে। সেখানে তো আমরা কোনো কথা বলিনি।
তিনি আরও বলেন, এই বৈঠক নিয়ে কেউ দ্বিমত পোষণ করলে সেটি গণতন্ত্রের জন্য ভালো নয়। জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যের ভিত্তিতে চলা উচিত, যাতে পরবর্তীতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা যায়।
তারেক রহমান শুধু আমাদেরই একত্রিত করেন নাই, দেশবাসীকেও এই আন্দোলনে একত্রিত করেছেন উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সব দলের জন্য কথা বলেছেন তিনি (তারেক রহমান)। কেন কী কারণে ও কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে, এটা বুঝতে হবে।
তিনি বলেন, আমরা অপেক্ষা করছি তারেক রহমান দেশে আসবেন। বিএনপি দায়িত্বশীল, অভিজ্ঞতাসম্পন্ন বড় দল। কালকে যদি দেশে ভোট হয় একটা জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।
এ্যানি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হলেও তাঁর মনোবল শক্ত রয়েছে এখনও। খালেদা জিয়ার পরামর্শে বিএনপি ইতোমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছে।
ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আবুল হোসেনের সঞ্চালনায় এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারি ড্যানী প্রমুখ বক্তব্য রাখেন।