মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ আসামি রিমান্ডে
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।রোববার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে গ্রেফতারদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুন প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) ও সম্রাট মোল্লা (৩৫)।
শনিবার (১৪ জুন) মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা মিরপুর সনি সিনেমা হল এলাকার রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। তবে পাঁচজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের দড়ি এবং দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
ঘটনার পর গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।