সংস্কার মানেই সঠিক সময়ে সঠিক কাজ: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার মানে হচ্ছে কাজ ও জনসেবাগুলো সঠিক সময়ে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা। স্থান, কাল ও পাত্র বিবেচনায় নিয়েই আমাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে।
সোমবার (১৬ জুন) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি সম্পূর্ণ যৌক্তিক। ইতোমধ্যে এ প্রকল্পের জন্য একনেক সভায় ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এখনও এমন বরাদ্দ পায়নি। তাই আপনারা আকাশের দিকে তাকিয়ে হতাশ না হয়ে মাটির দিকে তাকিয়ে আশাবাদী হোন।
উপদেষ্টা বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই একটি কাব্যিক মনোভাব জেগে ওঠে। চলনবিল ও বড়াল নদীর পরিবেশ ঠিক রেখে সব কার্যক্রম পরিচালনা করতে হবে। বর্তমানে সিরাজগঞ্জ জেলা তাঁতের শাড়ি, যমুনা নদী, গবাদি পশুর চর এবং বিখ্যাত মিষ্টির জন্য পরিচিত। আমরা চাই ভবিষ্যতে যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কারণেও এই জেলা পরিচিতি লাভ করে।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. হাসান তালুকদার, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক হোসেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩-এ উপস্থিত হন এবং বৃষ্টির মধ্যে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে স্পিডবোটযোগে প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেন।