বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

বন্যহাতির আক্রমণে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্য হাতির হামলায় আবদুর রহমান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের মইত্তাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা তৌকির হাসান।

ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আমির হামজার বাড়িতে বন্য হাতি হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যরা ভয়ে ছোটাছুটি শুরু করেন। এক পর্যায়ে আমির হামজার দেড় বছরের শিশু আবদুর রহমান প্রকাশ সাদ মনি ও মেয়ে বিলকিস আকতার (১০) হাতির আক্রমণে গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আবদুর রহমানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেওয়ার পথে আজ বুধবার ভোরে মারা যায় শিশু আবদুর রহমান।

রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, বন্য হাতির আক্রমণে এক শিশুর মৃত্যুর বিষয়টি সত্য। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।