জবিতে রঙ্গভূমির নেতৃত্বে তাকরিম-নওমী
সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রঙ্গভূমির আগামী এক বছরের জন্য ২৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী ওয়াহীরা আহম্মেদ নওমী।
সোমবার (২৩ জুন) রঙ্গভূমির বার্ষিক সাধারণ সভায়, সংগঠনের মডারেটর থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়া জেবিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাধারণ সম্পাদক ওয়াহীরা আহম্মেদ নওমী বলেন, প্রথম বর্ষ থেকেই রঙ্গভূমির সঙ্গে যুক্ত। লক্ষ্য হচ্ছে ভালো নাটক নির্মাণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে রঙ্গভূমিকে প্রতিনিধিত্ব করা। পাশাপাশি একটি স্থায়ী অফিস কক্ষের জন্য প্রশাসনের সহায়তা চাওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি তাকরিম আহমেদ বলেন, রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সাংস্কৃতিকভাবে সচেতন ও মননশীল করে গড়ে তোলার পাশাপাশি সমাজ সচেতন নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে। সাত বছরের পথচলায় মঞ্চ, পথনাটক এবং জনসচেতনতামূলক পারফরম্যান্সের মাধ্যমে রঙ্গভূমি সারাদেশেই পরিচিতি পেয়েছে। নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাবে।
উল্লেখ্য, রঙ্গভূমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।