ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাম জোটের বিক্ষোভ

সংগৃহীত

ইরানে মার্কিন হামলা ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটটি বলছে, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা সাম্রাজ্যবাদের যুদ্ধনীতির অংশ। অতীতে আরব বিশ্বের বিভিন্ন দেশে হামলা চালিয়ে তারা শুধু জনগণকে হত্যা করেনি, গোটা দেশকেই ধ্বংস করেছে। অস্ত্র বিক্রি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব যুদ্ধ চালানো হচ্ছে।

সোমবার (২৩ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ক্ষুধার্ত মানুষ খাদ্য সংগ্রহ করতে গেলে ইসরায়েল নির্দ্বিধায় নারী-শিশুদের হত্যা করছে। এ হত্যাযজ্ঞ মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে পরিচালিত হচ্ছে। এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে একসাথে রুখে দাঁড়াতে হবে।

তারা বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এখনো বাংলাদেশ কোনো জোরালো অবস্থান নেয়নি। এটি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। সরকারকে অবিলম্বে একটি শক্ত অবস্থান নিতে হবে।

নেতারা দাবি জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সাধারণ গরিব মানুষ এ যুদ্ধের প্রধান ভুক্তভোগী। এ বাস্তবতা বিশ্ব বিবেককে নাড়া দেওয়া উচিত।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

ঢাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের স্বাস্থ্য সেল অনুমোদন

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্বাস্থ্য সেল’ গঠন করেছে সংগঠনটি। স্বাস্থ্য সেলের সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাবির দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মোহাম্মদ মাস্উদুজ্জামান।

সোমবার (২৩ জুন) সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এছাড়াও স্বাস্থ্য সেলের সহ সম্পাদকের দায়িত্বে সাইদুর রহমান শাহিদ, মো. আমিনুল ইসলাম, তাহমিনা আক্তার মিমের নাম অনুমোদন করা হয়েছে। সদস্য পদে রয়েছেন মো. সাজিদ হোসেন সাজু, মোক্তারুল ইসলাম মাসুম, সাদিয়া হাসান লিজা, মো. মেহেদী হাসান।

মোহাম্মদ মাস্উদুজ্জামান বলেন, আমাদের এই স্বাস্থ্য সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোর্তজা মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করা এবং এর আধুনিকায়ন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের কাজে সাহায্য ও হেলথ ক্যাম্পেইনের মতো কাজ আমরা করব।