সীমান্তে মাদক চোরাচালান নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সীমান্তে মাদক চোরাচালান নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছবি : প্রতীকি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক চোরাচালান নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহন (২৫) নামে একজন নিহত হয়েছে। এ সময় হৃদয় (২৪) নামে একজন আহত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠের মধ্যে হামলার এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, হামলায় নিহত মোহন মাদক চোরাকারবারি। মোহন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মসুর ছেলে।

মাদক চোরাকারবারি হৃদয়, মোহন ও জনি মোটরসাইকেলে রামকৃষ্ণপুর থেকে নিজ গ্রাম জামালপুরে ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একদল মাদক চোরাকারবারি মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর রামদা দিয়ে হামলায় চালায়। মোহন ও হৃদয় আহত হলে জনি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মোহন মারা যায়। 

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বিজিবির বরাত দিয় বলেন, মাদক চোরাচালান সংক্রান্ত পূর্ব বিরোধ ও দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছ। মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।