নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

কুমিল্লার তিতাস উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে হাত-পা বাঁধা রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সাতানী ইউনিয়নের রায়পুর গ্রামের পশ্চিমপাড়ার দীন ইসলামের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিতাস থানার এসআই কাউছার।

নিহত মো. মোস্তফা মিয়া (৪৮) রংপুর মাহিগঞ্জ থানার বাসিন্দা। তিনি তিতাসে থেকে কন্ট্রাক নিয়ে কাজ করতেন।

জানা যায়, মোস্তফা ও দুই শ্রমিক নির্মাণাধীন বাড়িটির কাজ করছিলেন। রোববার ভবনটির দ্বিতীয় তলায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ দিকে রোববার সকাল থেকেই নিখোঁজ রয়েছেন মোস্তফার সঙ্গে কাজ করা দুই শ্রমিক। স্থানীয়দের ধারণা, ওই দুই শ্রমিকই মোস্তফা মিয়াকে হত্যা করে পালিয়েছে। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে জানা গেছে।

তিতাস থানার এসআই কাউছার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কম্বল দিয়ে মুড়িয়ে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, নিখোঁজ দুই শ্রমিক মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছে।