প্রবাসীর বাড়ি থেকে ২০ কেজি কোরবানির মাংস নিয়ে গেল চোর
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় এক সৌদি আরব প্রবাসীর বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি বিদেশি কম্বল ও ২০ কেজি ফ্রিজিং কোরবানির গরুর মাংস চুরি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন।
এ বিষয় বালাম শেখের স্ত্রী শিখা বেগম জানান, তার মেয়ের অপারেশনের জন্য ফরিদপুর অবস্থান করছিলেন তারা। সে সুযোগে মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে কেচি গেটের তালা ভেঙে বাড়ির ভেতরের প্রবেশ করে একদল ডাকাত। তারা প্রতিটি রুমের দরজার তালা, হ্যাজবোল্ট ভেঙে রুমে ঢুকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ১৫টি কম্বল নিয়ে যায়। এ ছাড়া ফ্রিজে রাখা কোরবানির প্রায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গেছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান শেখ বলেন, আমার ওয়ার্ডের সৌদি প্রবাসী বালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বালামের ঘর থেকে অনেক টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ডাকাতির ঘটনা নয়, চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।