চুরি হওয়া সোনার গয়না পরে টিকটকে স্ত্রী, গ্রেপ্তার স্বামী

চুরি হওয়া সোনার গয়না পরে টিকটকে স্ত্রী, গ্রেপ্তার স্বামী

ফাইল ছবি

চুরি হওয়া সোনার গয়না পরে টিকটক করছিলেন স্ত্রী। তা দেখে স্বামী মো. সোহেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দ্রনাইল গ্রামের প্রয়াত আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

জানা যায়, গত ১৬ মে দেবিদ্বার নিউমার্কেট কলেজ রোডের বারেক প্লাজার পূর্ব গলির খাদিজা শিল্পালয়ের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন জুমার নামাজ শেষে দোকান খুলতে গিয়ে দেখেন তার দোকানের তালা নেই। ভেতরে ঢুকে দেখেন শো-কেসের ভেতর প্রায় ৪০ ভরি সোনার গয়না চুরি হয়ে গেছে। ওই দিন সন্ধ্যায় চুরি করা সোনা কুমিল্লার ইপিজেডের একটি দোকানে বিক্রি করতে গিয়ে আবু তাহের (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২৫) পুলিশের হাতে আটক হন। তাদের জিজ্ঞাসাবাদে মুরাদনগর থেকে আটক হন সোনা চোর সিন্ডিকেটের প্রধান আবুল কাসেম। আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দিতে বেরিয়ে আসে ওই চোর সিন্ডিকেটের অপর সদস্য মো. সোহেল মিয়ার নাম।

দেবিদ্বার থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, সোহেল মিয়া বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে এলাকার সোনার দোকান চিহ্নিত করে তার সিন্ডিকেটের সহায়তায় চুরি করে আসছিলেন। তার স্ত্রী শাহীন আক্তার শাহীন টিকটক করতেন। সোহেলের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা যায়, তার স্ত্রী ওই চুরি করা সোনার গয়না পরে টিকটক করছিলেন। পরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সোহেলসহ সোনা চোরাচালানি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।