এরা পালিয়ে যাওয়ার সময় নেতাকর্মীদের কথা ভাবে না: ড. মাসুদ
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এরা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের কথা ভাবে না, তাদের বলেও যায় না।
শুক্রবার (৪ জুলাই) পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. মাসুদ বলেন, বিগত ৫৩ বছর বাংলাদেশের মানুষ একবার এই পরিবারতন্ত্রের হাতে শোষণের শিকার হয়েছে। তারা নিজেদের স্বার্থে সংবিধানকে কাটাছেঁড়া করে বারবার সংশোধন করেছে। সেই কাটাছেঁড়া সংবিধানের দোহাই দিয়ে জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নিপীড়ন চালিয়েছে।
তিনি বলেন, বিগত সময়ে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল। এদের কেউ ভারতে, কেউ লন্ডনে সেকেন্ড হোম গড়ে তুলেছে। এরা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দলীয় নেতাকর্মীদের কথা ভাবে না, তাদের বলেও যায় না। এমনকি ৩ আগস্ট রাতেই শেখ হাসিনা নিজের পরিবারের সদস্যদের পালিয়ে যেতে বললেও দলের কোনো নেতাকর্মীকে বলেনি। শুধু তাই নয়, যেই পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই সদস্যরা হাসিনার ক্ষমতা ধরে রাখতে দেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন, গুম করেছে তাদেরকেও হাসিনা বলে যায়নি।
ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত সেক্রেটারি বলেন, ইসলামের ভিত্তিতে আমরা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। ইসলামী সমাজ বিনির্মাণ হলে, সমাজে কোনো বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ থাকতে পারবে না।
এ সময় একটি সুখি-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার সকলের প্রতি আহ্বান জানান ড. মাসুদ।
জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মু. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমীর মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুদ দাঈয়ান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ড. মাসুদ জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বগা ইউনিয়নের তরুন-যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন।