‘ঢাকায় নয়, জাতিসংঘের উচিত গাজা-কাশ্মীরে মানবাধিকার অফিস খোলা’

‘ঢাকায় নয়, জাতিসংঘের উচিত গাজা-কাশ্মীরে মানবাধিকার অফিস খোলা’

সংগৃহীত ছবি

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) অফিস খোলার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। 

শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে দলটির নেতারা জানান, জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হচ্ছে। তাই ঢাকায় ওএইচসিএইচআরের অফিস খোলার প্রয়োজন নেই। জাতিসংঘের উচিত ফিলিস্তিনের গাজায়, দক্ষিণ এশিয়ার কাশ্মীর ও আরাকানে মানবাধিকার অফিস খোলা। কারণ সেখানে মুসলমানরা ভয়াবহ জাতিগত নিধনের শিকার হচ্ছে।

তারা আরও জানান, তৃতীয় বৃহৎ মুসলিম জনবহুল রাষ্ট্র বাংলাদেশের আইন ও জাতীয় সংস্কৃতি অবমাননা করে জাতিসংঘকে সমকামী দূত নিয়োগ করতে দেওয়া হবে না। এ সিদ্ধান্তকে জাতিসংঘের বেআইনি হস্তক্ষেপ ও ইসলাম বিদ্বেষ আখ্যা দিয়ে সর্বাত্মক প্রতিবাদ জানানো হবে।

এ সময় ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবি জানিয়ে এই তিন জনপদের মুসলমানদের রক্ষায় জাতিসংঘের নিস্ক্রিয়তার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হামিদ আস সাফওয়ান।