দিনাজপুর বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় বহিষ্কার ৩

দিনাজপুর বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় বহিষ্কার ৩

ছবি: সংগৃহীত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ দিন ১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ৯৬ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধায় দু’জন, ঠাকুরগাঁওয়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় ১ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ১ দশমিক ৬২ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন আট জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে- রংপুরে ২৩৫ জন, গাইবান্ধায় ২৫০, নীলফামারীতে ১৩৯, কুড়িগ্রামে ২০৪, লালমনিরহাটে ১৩২, দিনাজপুরে ৩২২, ঠাকুরগাঁয়ে ১৫৬ ও পঞ্চগড় জেলায় ১১৭ জন।

এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।