প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল খুলনাবাসী

প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল খুলনাবাসী

ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে নাকাল খুলনাবাসী।

সোমবার বিকেল থেকে ও মঙ্গলবারের (৮ জুলাই) টানা বৃষ্টিপাতে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বর্ষা হলেই হাঁটুপানি জমে যায়। এখন জলাবদ্ধতার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে নগরজুড়ে। 

তাদের অভিযোগ, প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এমন বেহাল দশা নগরীতে। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এটি নতুন কিছু না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিপাতে নগরীর টুটপাড়া, রয়েল মোড়, মিস্ত্রিপাড়া, খালিশপুর, নিউ মার্কেট এলাকা, বাস্তুহারা এলাকা, শান্তিধাম মোড়, দিলখোলা রোড, পূর্ব বানিয়া খামার, বসুপাড়া, ফুলবাড়ি গেট, আলমনগর, মুজগুন্নি আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। রুপসা এলাকার বিভিন্ন অলিগলিতে হাঁটুপানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও ভোগান্তিতে পড়েছেন অনেকে।

মিস্ত্রিপাড়ার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ড্রেনের সমস্যা আমাদের নিত্যসঙ্গী। সামান্য বৃষ্টিতে যেখানে সেখানে পানি জমে যায়। বর্ষাকালে কী অবস্থা হতে পারে তা সবার জানা। খুলনা সিটি করপোরেশন প্রয়োজন হলে দায়িত্ব থেকে সরে অন্য কোনো দপ্তরকে সমস্যা সমাধানের দায়িত্ব তুলে দিক।

এ বিষয়ে কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন চলছে। আমরা যতই ড্রেন নির্মাণ করি, যদি আবর্জনা পরিষ্কার না হয়, জলাবদ্ধতা কমবে না। নতুন একটি প্রকল্পে স্লুইচ গেট ও পাম্প হাউস বসানোর পরিকল্পনা আছে। এটি বাস্তবায়ন হলে পরিস্থিতি উন্নতি হবে।