শ্রীলঙ্কার কাছে সিরিজ হারল বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরেছে টাইগাররা।
২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এই জয়ে সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা।
টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। এক রানে মাদুশকা ফিরলেও দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ৫৬ রানের জুটি কিছুটা ভিত্তি গড়ে দেয়। নিশাঙ্কা করেন ৩৫ রান। এরপর কামিন্দু মেন্ডিস ১০ রানে আউট হন।
একপর্যায়ে ১০০ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কার দুর্দান্ত জুটি আবার দলকে টেনে তোলে। তারা গড়েন ১২৪ রানের পার্টনারশিপ।
কুশল মেন্ডিস তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয়। তিনি ১১৪ বলে করেন ১২৪ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান।
শেষদিকে অবশ্য বাংলাদেশের বোলাররা ম্যাচে ফিরতে চেষ্টা করে। দ্রুত উইকেট হারায় লঙ্কানরা। লিয়ানাগে ১২, ভেল্লালাগে ৬, হাসারাঙ্গা ১৮ ও চামিরা ১০ রানে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বোলিং:
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন পান একটি করে উইকেট।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়:
২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শীর্ষ ও মধ্যবর্তী ব্যাটারদের ব্যর্থতায় এক সময় স্কোরবোর্ডে ১০০ রান ওঠার আগেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
শেষ দিকে কেউই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ৩৯.৪ ওভারে ১৮৬ রানেই থেমে যায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া হয়।
এই হারের ফলে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।