ইসরায়েলের ঘনিষ্ঠ মার্কিন প্রভাবশালী সিনেটরের মৃত্যু

ইসরায়েলের ঘনিষ্ঠ মার্কিন প্রভাবশালী সিনেটরের মৃত্যু

মার্কিন প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম/ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

হঠাৎ অসুস্থতার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন গ্রাহামের কার্যালয়ের যোগাযোগ পরিচালক। রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গ্রাহামের কার্যালয় এক বিবৃতিতে জানায়, এই কঠিন সময়ে সিনেটর গ্রাহামের পরিবার সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে পুনর্নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে তিনি দক্ষিণ ক্যারোলাইনার তৃতীয় কংগ্রেসনাল জেলার প্রতিনিধি হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক সময়ে তিনি সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিনেটের বরাদ্দ কমিটি, বিচার বিভাগীয় কমিটি এবং পরিবেশ ও জনকল্যাণ বিষয়ক কমিটির সদস্য ছিলেন।

গ্রাহাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ২০০৩ সালে ইরাক আক্রমণের পক্ষে তিনি জোরালো সমর্থন জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছিলেন।

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তার ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধে দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের পক্ষে তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন।

ইসরায়েলের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন গ্রাহাম। তিনি ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী নীতিরও সমর্থন করেছিলেন।

২০১৬ সালে গ্রাহাম রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন চেয়েছিলেন। তবে প্রাইমারি নির্বাচন শুরুর আগেই তিনি প্রচারণা থেকে সরে দাঁড়ান। ওই সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন কঠোর সমালোচক ছিলেন। পরে অবশ্য কংগ্রেসে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সমর্থকে পরিণত হন।

রাজনীতিতে আসার আগে গ্রাহাম ছয় বছরের বেশি সময় মার্কিন বিমানবাহিনীর আইনজীবী হিসেবে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি বিমানবাহিনীর রিজার্ভ বাহিনীতে যোগ দেন এবং সেখানে ২০ বছর দায়িত্ব পালন করেন। অবসরের সময় তার পদমর্যাদা ছিল কর্নেল।

সূত্র: আল-জাজিরা