পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক পারভীন
ফাইল ছবি
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’-এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।
বিগত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, কাজী আনিস আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন কথাসাহিত্যিক মুহাম্মদ মহিউদ্দিন।
শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা, যুগ্ম-সম্পাদক হামিম কামরুল হক ও মহসিন হাবীব, কোষাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক জাহিদ সোহাগ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।
উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।