বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১

ছবি : প্রতীকি

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খালেদা সুলতানা কনিকা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকার কাকরাইল ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান তিনি। কনিকা বরগুনা পৌরসভার চরকলনী এলাকার মহসিন খোকনের স্ত্রী। তিনি এক ছেলে ও ২ কন্যা সন্তানের জননী ছিলেন। 

রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় কনিকার মরদেহ বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

বরগুনায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯০২ জন। 

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪২ জন, পাথরঘাটা উপজেলায় ৬ জন এবং তালতলী উপজেলায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯২ জন, আমতলী উপজেলায় ৩ জন, বামনায় ১৩ জন, পাথরঘাটায় ১৮ জন এবং তালতলী উপজেলায় ১৫ জন চিকিৎসাধীন।

জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৯৯ জন, তালতলী উপজেলায় ৭২ জন, বামনা উপজেলায় ১২৭ জন, বেতাগী উপজেলায় ৩৯ জন, আমতলী উপজেলায় ৪৬ জন এবং পাথরঘাটা উপজেলায় ২১৯ জন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ জানিয়েছেন, গত ৩ দিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু কমেছে।  

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, প্রতিদিনই ৫০ এর ওপরে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না।