লঙ্কানদের বিধ্বস্ত করে যা বললেন লিটন
লিটন কুমার দাস
টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে জয়শূন্য থাকার হতাশা কাটিয়ে অবশেষে জয় ফিরেছে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিল টাইগাররা। এমন কঠিন সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল।
রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-১ সমতায় ফিরে এসেছে সিরিজ, বাঁচিয়ে রাখা হয়েছে জয়ের সম্ভাবনা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পাওয়া এই ডানহাতি ব্যাটার করেন ৫০ বলে ৭৬ রান, যেখানে ছিল ১টি চার ও ৫টি ছক্কা। মধ্যপর্যায়ে তাওহিদ হৃদয় ২৫ বলে ৩১ এবং শামিম হোসেন পাটওয়ারী ২৭ বলে ৪৮ রানের কার্যকরী ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শরিফুল ইসলামের প্রথম স্পেলে সাফল্য ও রিশাদ হোসেনের শেষ উইকেট মিলিয়ে দারুণ জয় নিশ্চিত করে টাইগাররা। মাঝের সময়টায় মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজও ছিলেন যথেষ্ট কার্যকর।
ম্যাচ সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, চেষ্টা করছিলাম ভালো ক্রিকেট খেলার জন্য। শামীমকে কৃতিত্ব দিতে হবে, সে শুরুটা দেখিয়েছিল। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। রিশাদ দারুণ করেছে, যখন সে ভালো বল করে আমরা ভালো করি তখন। কুশলের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে ভালো ফর্মে ছিল। শরিফুলও দারুণ বল করেছে।
আগামী বুধবার (১৬ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে অন্তত টেস্ট ও ওয়ানডে সিরিজে পরাজয়ের ক্ষত ভুলে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়েই দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল।