ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে বাবার মৃত্যু
ছবি : প্রতীকি
কুমিল্লার দাউদকান্দিতে ছেলেকে অপহরণের পর নির্যাতনের চিহ্ন দেখে হৃদক্রিয়া বন্ধ হয়ে সুরুজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। সোমবার সুরুজ মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি জুনায়েত চৌধুরী।
জানা যায়, নিহত সুরুজ মিয়া (৭০) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের তাজু মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সুরুজ মিয়ার ছেলে মো. পাবেল (২৫) রোববার দুপুরে উপজলোর গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠে কবুতর কিনতে যান। বাজার থেকে কয়েকজন তাকে অপহরণ করে পশ্চিম বাজার একটি বাসায় নিয়ে যান। এরপর মুক্তিপণ বাবদ পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পাবেলের ওপর বর্বর নির্যাতন চালানো হয়। পরে বাধ্য হয়ে অপহরণকারীদের দাবি করা টাকা বিকাশে পরিশোধ করার পর রোববার রাত সাড়ে ৮টায় মুক্তি পান পাবেল। বাড়ি ফেরার পর পাবেলের শরীরে অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন দেখে মুহূর্তেই ঢলে পড়েন বাবা সুরুজ মিয়া। তাৎক্ষণিক তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান বলেন, মুক্তির পর পাবেলের গায়ে নির্যাতনের চিহ্ন দেখে পাবেলের বাবা স্ট্রোক করেন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের ওসি জুনায়েত চৌধুরী বলেন, ফেসবুকে এমন একটি ঘটনার কথা শুনে আমরা নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারটি এখন শোকাহত। তারা আগে অভিযোগ দেননি। আমরা বিষয়টি তদন্ত করছি। অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।