ঘরোয়া ভাবে চুল নরম ও সিল্কি করার পদ্ধতি

ঘরোয়া ভাবে চুল নরম ও সিল্কি করার পদ্ধতি

ছবিঃ সংগৃহীত।

শুষ্ক ও রুক্ষ চুল যেমন প্রাণহীন দেখায়, তেমনি ভেঙে যায় ও ঝরেও পড়ে দ্রুত। চুলের রুক্ষতা দূর করতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি মনোযোগ দিতে পারেন ঘরোয়া যত্নের উপরেও। জেনে নিন চুলের রুক্ষতা দূর করতে কোন কোন হেয়ার প্যাক ব্যবহার করবেন।

সমপরিমাণ আমন্ড অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে কুসুম গরম করে নিন। তেলের মিশ্রণ চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে তোয়ালে জড়িয়ে রাখুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

২ চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শেষে রিঠা ভেজানো পানিতে চুল ধুয়ে নিন।

ডিমের কুসুমের সঙ্গে সামান্য পানি মিশিয়ে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দুটি ডিম ফেটিয়ে নিন। এর সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ টক দই। প্যাকটি ভালো করে চুলে লাগান। ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

সমপরিমাণ মেয়োনিজ ও দই মিশিয়ে নিন। মিশ্রণে একটি ডিম ফেটিয়ে মেশান। চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিটের জন্য। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই ও সামান্য রোজমেরি অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

এক কাপ নারকেল দুধের সঙ্গে ৩ টেবিল চামচ বেসন মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক ১৫ থেকে ২০ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ডিম ও অলিভ অয়েল দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। এজন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। এর মধ্যে দিয়ে দিন ২ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে চুলে লাগান। চুলের গোড়াতেও লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ডিমের আঁশটে গন্ধ দূর করতে এক মগ পানিতে কয়েক ফোঁটা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। 

দুই টেবিল চামচ আমলকীর গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ১০ মিনিট চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।