সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ছবিঃ সংগৃহীত।
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলো ভারতীয় পণ্য বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
এরআগে ভোরে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেটের সীমান্তবর্তী এলাকা সংগ্রাম, তামাবিল, বিছানাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া এবং উৎমা বিওপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ এবং বিয়ার আটক করে। আটক মালামালের সিজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকা।
তিনি বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।