তিন সন্তানের পর চলে গেলেন বাবাও, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

তিন সন্তানের পর চলে গেলেন বাবাও, মায়ের অবস্থাও আশঙ্কাজনক

ফাইলি ছবি

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন সন্তানের পর না ফেরার দেশে চলে গেলেন বাবা মো. রিপন (৩৫)। 

এ ঘটনায় বাবা ও তিন সন্তানসহ একই পরিবারের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। এ ছাড়া, মা চাঁদনীর দগ্ধের পরিমাণ বেশি থাকায় তার অবস্থাও আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রিপনের মৃত্যু হয়। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া, দুপুরের দিকে রিপনের স্ত্রী চাঁদনীকে পরিবারের সদস্যরা নিজেদের জিম্মায় হাসপাতাল থেকে নিয়ে গেছেন। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তারও শ্বাসনালী পুরে যায়। তিনিও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, বুধবার ভোররাতে রোকন (১৪) এবং সকাল ৮টার পর তামিমের (২২) মৃত্যু হয়। সোমবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের একমাত্র বোন ১ বছরের শিশু আয়েশা মারা যায়। 

 

গত শুক্রবার ভোররাতে সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসার নিচতলায় সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ওই পরিবারের পাঁচ সদস্যের সবাই দগ্ধ হন। ওই বাসাটি তারা কিছুদিন আগে ভাড়া নিয়েছিল। পরিবারটির কর্তা রিপন পেশায় ভ্যানচালক।