বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ছবি : প্রতীকি

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টাকালে সিয়াম সরকার (২২) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২০ জুলাই) ভোরে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়।

শ্যামপুর মডেল থানা পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদে ভিত্তিতে জানা যায়- ঢাকা-মাওয়া মহাসড়কে খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস্ ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছে। 

এমন তথ্যের ভিত্তিতে থানার একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় সিয়াম সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাফসান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম নিজেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন কর্মী বলে দাবি করেছেন। তিনি ও পলাতক রাফসান শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করছিলেন বলেও স্বীকার করেন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।