বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল

ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।

মোনাজাতের পরে জাবি শাখা শিবিরের দফতর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। জালিমের রক্তচক্ষু উপেক্ষা করে সর্বদা রাজপথে তৎপর ছিল ছাত্রশিবির। আমরা শিক্ষার্থীদের যেকোনো ধরনের যৌক্তিক দাবি আদায়ে যেমন রাজপথে ছিলাম তেমনি তাদের বিপদের দিনেও সবার আগে পাশে এসে দাঁড়িয়েছি।’

জাবি শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় আহত শিক্ষার্থীদের সহায়তায় আমাদের জনশক্তিরা সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। আমাদের জনশক্তিরা ঢাকা মেডিক্যালে গিয়ে রক্ত দিয়ে এসেছেন। নিহতদের ‍রুহের মাগফিরাত কামনা করার সাথে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই।’

এ সময় অন্যদের মধ্যে জাবি শাখা শিবিরের দাওয়াহ সম্পাদক মশিউর রহমান, বিজ্ঞান সম্পাদক মো: তৌফিক হুসাইন, গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো: সাফায়েত মীর, ছাত্র অধিকার সম্পাদক মো: রাকিব হোসেন, মানবাধিকার সম্পাদক মো: রায়হান উদ্দীন, তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদসহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।