মহাখালীতে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মহাখালীতে বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাজনীন রাফা (১৫) নামে এক স্কুলছাত্রী মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাজনীন বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
তাজনীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবলিয়া গ্রামের প্রবাসী আরিফ হোসেন টিটুর একমাত্র কন্যা। তিনি তার মা নুপুরের সঙ্গে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকার একটি মসজিদের পাশে ভাড়া বাসার চতুর্থ তলায় থাকতেন।
নুপুর জানান, তার মেয়ে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল। সম্প্রতি এক ক্লাস পরীক্ষায় একটি বিষয়ে কম নম্বর পাওয়ায় তিনি তাকে এ নিয়ে জিজ্ঞাসা করেন। এর কিছুক্ষণ পর, বুধবার বিকেল পাঁচটার দিকে পরিবারের অজান্তে অভিমানে বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে তাজনীন গুরুতর আহত হয়। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে ঢামেকের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে