বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট পুড়িয়ে ধ্বংস করেছে নৌবাহিনী

বরগুনায় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট পুড়িয়ে ধ্বংস করেছে নৌবাহিনী

ছবিঃ সংগৃহীত।

রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করা সিগারেট জব্দ করেছে নৌবাহিনী। যার বাজার মূল্য ৫ লাখ টাকা। পরে এসব সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া আটক করা হয় বার্গো টোব্যাকো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের বরগুনা এরিয়া ম্যানেজার ও এক বিক্রয় প্রতিনিধিকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি টিম ভবনের প্রথম তলায় অভিযান চালিয়ে কিংস ব্র্যান্ডের ৯১ হাজার ৬০০ শলাকা ও ইনডো ব্ল্যাক ব্র্যান্ডের ৩ হাজার শলাকা জব্দ করে। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় আরও জব্দ করা হয় ৪২০টি খালি প্যাকেট ও ৬৫টি গ্যাস লাইটার।

ঘটনাস্থল থেকে আটক করা হয় বরগুনা এরিয়া ব্রাঞ্চ ম্যানেজার কামাল হোসেন (৫০) ও বিক্রয় প্রতিনিধি আহমেদ হৃদয়কে (২৩)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কামাল হোসেনকে এক লাখ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আহমেদ হৃদয়কে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ ধারায় পণ্য উৎপাদন ও সরবরাহ আইন অনুযায়ী আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।