ফেনীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
প্রতিকী ছবি
ফেনীর সোনাগাজীতে সাপের কামড়ে মনোয়ারা বেগম রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের মানতুর্কি বাড়িতে এ ঘটনা ঘটে।
মনোয়ারা বেগম রানী (৬০) ওই বাড়ির বেলায়েত হোসেন বেলুর স্ত্রী ও চার সন্তানের জননী।
এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে খাটের নিচে পা রাখতেই একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে সাপটি দেখতে পেলেও না মেরে পালাতে সুযোগ করে দেন তার পরিবারের সদস্যরা। পরে একই বাড়ির এক মহিলা ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয় তাকে।
সাড়ে ৫টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা শেষে স্নেক অ্যান্টিভেনম প্রস্তুত করার সময় হাসপাতালেই মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম বলেন, রোগীকে ওঝার কাছে নিয়ে দেরি করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান। মানুষকে আগে সচেতন হতে হবে। এত প্রচার-প্রচারণার পরও মানুষ কেন সচেতন হচ্ছে না আমরা জানি না।