মানুষের জন্য তৈরি হলো ফ্রিজ, ১০ মিনিটেই শরীর ঠান্ডা
ফাইল ছবি
গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই মজা করে বলেন, ‘ইচ্ছে করছে ফ্রিজে ঢুকে যাই!" জাপান সেই কথাকেই এবার বাস্তবে পরিণত করেছে। প্রচণ্ড গরম ও লু হাওয়া থেকে মানুষকে দ্রুত স্বস্তি দিতে জাপানে তৈরি হয়েছে মানুষের জন্য বিশেষ ফ্রিজ।
এই ডিভাইসটির বিশেষত্ব হল, মাত্র ১০ মিনিটে শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে পারে। এর আসল নাম ডু হিয়েমন বক্স। দেখতে সাধারণ ফ্রিজের মতো হলেও এটি খাবার বা পানীয় রাখার জন্য নয়, বরং শরীরকে দ্রুত ঠান্ডা করার জন্য তৈরি করা হয়েছে।
জাপানে ভেন্ডিং মেশিনের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। সেই ধারণা থেকেই এই বিশেষ ডিভাইসটি তৈরি করা হয়েছে। এটি নির্মাণকারী সংস্থা এসডিআরসি মূলত ভেন্ডিং মেশিন তৈরির কাজই করে। এই ফ্রিজের মতো কেবিনে ঢুকলেই ঠান্ডা অনুভূত হয়, কারণ এর ভেতরের তাপমাত্রা সবসময় ১৫ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়।
এছাড়াও কেবিনের ভেতরে একটি চেয়ার রয়েছে। সেই চেয়ারে বসলে মাথা, ঘাড়, কাঁধ এবং পিঠের দিকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা হাওয়া প্রবাহিত হতে থাকে। এতে খুব দ্রুত শরীরের তাপমাত্রা কমে যায়।
প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা সংস্থার দাবি, এই ডিভাইসে মাত্র ৫ মিনিট থাকলেই অনেকটা স্বস্তি অনুভব করা যায়। মাত্র ১০ মিনিটে লু হওয়া বা অতিরিক্ত গরমের কারণে হওয়া ক্লান্তি কমিয়ে দিতে সক্ষম এই মেশিন। অতিরিক্ত ঠান্ডা থেকে ব্যবহারকারীকে রক্ষা করতে ২০ মিনিট পর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। আরও একটি বিশেষ সুবিধা হল, এটি সাধারণ একটি এসির তুলনায় অর্ধেক বিদ্যুৎ খরচ করে। এছাড়া এটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং ব্যবহার করাও বেশ সহজ।
জাপানে চলতি বছরের এপ্রিল মাস থেকেই এই বিশেষ ফ্রিজ বিক্রি শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর একটি ইউনিট জাপানের গুনমা প্রিফেকচারের মায়েবাশি সিটি হলে দান করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে এটি ব্যবহার করছেন। কারখানা, নির্মাণক্ষেত্র এবং গুদামে কর্মরত শ্রমিকদের জন্য এই মেশিন অত্যন্ত উপকারী বলে মনে করা হচ্ছে।
দামের কথা বললে, এই বিশেষ ডিভাইসটির মূল্য ১৫ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৩১ হাজার টাকা।। বর্তমানে এটি সাধারণ বাড়ির পরিবর্তে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে।