যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ পাকিস্তান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ পাকিস্তান

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ‘খুব কাছাকাছি’ পাকিস্তান।  শুক্রবার (২৫ জুলাই) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা বলেন।

ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলে কথোপকথনের সময় ইসহাক দার বলেন, ‘আমি মনে করি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে (একটি চুক্তি) চূড়ান্ত করার খুব কাছাকাছি।’

 তিনি বলেন, ‘আমাদের দলগুলো ওয়াশিংটনে এসেছে... প্রধানমন্ত্রী এখন একটি কমিটিকে সূক্ষ্মভাবে সমন্বয় করার দায়িত্ব দিয়েছেন। এটি মাস কিংবা সপ্তাহ নয় - কেবল কয়েক দিনের।’

 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে স্টেট ডিপার্টমেন্টে বৈঠকের কয়েক ঘন্টা পরেই এ কথা বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।  বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করা এবং গুরুত্বপূর্ণ খনিজ ও খনিজ খাতে সহযোগিতা বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।

দার বলেন, ‘চুক্তিতে বাণিজ্য ও খনিজ সম্পদের ওপর সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে এবং তিনি মার্কিন উদ্যোক্তাদের পাকিস্তানের বিশাল সম্পদে, বিশেষ করে খনি এবং অফশোর গ্যাসে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মার্কিন রপ্তানি-আমদানি ব্যাংক এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকান বিনিয়োগকারীদের সমর্থন করতে প্রস্তুত।’

পাকিস্তানের এ উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে।  পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৬-৮ ট্রিলিয়ন ডলার।’

সূত্র: আনাদোলু