ফতুল্লায় আগুনে পুড়ল ২০টি বসতঘর
সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর।
সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনশেড বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় নিম্নআয়ের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন এবং এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে অন্তত ২০টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রবল বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’