নিউইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার স্ত্রী অন্তঃসত্ত্বা: মেয়র অ্যাডামস

নিউইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার স্ত্রী অন্তঃসত্ত্বা: মেয়র অ্যাডামস

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটির ভয়াবহ বন্দুক হামলায় নিহত এনওয়াইপিডির (নিউইয়র্ক পুলিশ বিভাগ) বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শহরের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। 

৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রায় তিন বছর ছয় মাস ধরে কর্মরত ছিলেন। তিনি ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে দায়িত্ব পালন করছিলেন। 

মেয়র অ্যাডামস বলেন, তিনি নিউইয়র্কবাসীদের রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি জীবন বাঁচাচ্ছিলেন—ঠিক যেমনটা একজন পুলিশ সদস্যের দায়িত্ব।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি পুত্রসন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। 

কমিশনার আরও বলেন, তিনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। তিনি চূড়ান্ত আত্মত্যাগ করেছেন—ঠান্ডা মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, সেই পোশাক পরেই, যেটি ছিল এই শহরের প্রতি তার অঙ্গীকারের প্রতীক। তিনি একজন নিঃস্বার্থ বীর।

মঙ্গলবার (২৯ জুলাই) নিউইয়র্কের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ এলাকায় ঘটনাটি ঘটে। এই বন্দুক হামলায় মোট পাঁচজন নিহত হন। যাদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন র‍য়েছেন। মেয়র অ্যাডামস এই হামলাকে একটি সহিংস ও জঘন্য আক্রমণ বলে অভিহিত করেন।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এ ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। দিদারুল ইসলামের আত্মত্যাগ নিউইয়র্কের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশিদের অবদানের এক গর্বিত নিদর্শন হয়ে থাকবে।